পাবনায় পরিত্যক্ত অবস্থায় চায়না রাইফেলের গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া এলাকায় একটি চরমপন্থী গোষ্ঠীর গোপন আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলাবারুদ কোনো নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ফরিদপুর থানা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মনজুরুল হাসান মাসুদ এই অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে উপজেলার প্রত্যন্ত কুচলিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার হাদল ইউনিয়নের বিলবেষ্টিত ও দুর্গম এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই সর্বহারা এবং নকশালপন্থী চরমপন্থী দলগুলোর গতিবিধির ওপর নজরদারি রাখা হচ্ছিল। সম্প্রতি তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, একটি সশস্ত্র চক্র সেখানে বড় ধরনের কোনো অপরাধ সংঘটনের লক্ষ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করছে।
এই তথ্যের ওপর ভিত্তি করে রবিবার রাতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কুচলিয়া গ্রামের একটি বটগাছের নিচে সন্দেহজনক তল্লাশি চালানো হয়। সেখানে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে ১৫ রাউন্ড তাজা চায়না রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে থানা পুলিশের এসআই আরিফুল ইসলাম, আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত এবং চরমপন্থীদের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে