সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র‍্যাবের কটি, খেলনা পিস্তল ও হ্যান্ডকাফসহ বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে, একটি রূপালী রঙের মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলে চেপে একদল ব্যক্তি র‍্যাবের ছদ্মবেশে ছনবাড়ী থেকে সিংপাড়ার দিকে যাচ্ছে। খবর পেয়ে হরিবাড়ী ব্রিজের কাছে বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ।

তল্লাশিকালীন সন্দেহভাজন মাইক্রোবাসটিকে থামানো হলে গাড়িতে থাকা এক ব্যক্তি নিজেকে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেন এবং ওয়াকিটকি দেখান। পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাদের পরিচয়পত্র যাচাই করতে চাওয়া হয়। এ সময় গাড়িটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চক্রটির চালকসহ সাতজনকে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, শ্রীনগর বাজারের এক ব্যবসায়ী প্রায় দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সীগঞ্জ সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে র‍্যাব পরিচয়ে তাকে গতিরোধ করে ওই স্বর্ণালংকার লুট করার মূল পরিকল্পনা ছিল এই চক্রের।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে রয়েছেন নওগাঁর চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন এবং রাজবাড়ীর সাবেক সার্জেন্ট মিজানুর রহমান। চক্রের অন্য সদস্যরা হলেন শরীয়তপুরের ফরহাদ হোসেন, বরগুনার আব্দুল আলীম ও গাড়িচালক আবু হানিফ, মাগুরার সাকিবুর জামান মেহেদী এবং ভোলার মেহেদী হাসান সুজন।

পুলিশ আরও জানায়, এই আন্তঃজেলা ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ আশপাশের এলাকায় একই কায়দায় ডাকাতি চালিয়ে আসছিল। তারা সাধারণ যাত্রীদের জোরপূর্বক নিজেদের গাড়িতে তুলে মারধর করে সর্বস্ব লুটে নিত। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি র‍্যাব লেখা কটি, দুটি খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি ছাড়াও একটি ইলেকট্রিক শক মেশিন ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং নতুন করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৫৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০