মহানন্দা নদীতে গোসলে নেমে প্রাণ গেল ২ তরুণের
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহতরা হলেন সদর থানার মহিপুর ভাটোপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। তারা দুপুরে বন্ধুদের সাথে মহানন্দা নদীর দিয়ায় ধাইনগর ঘাটে গোসল করতে নামেন।
গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতের মুখে পড়ে গভীর পানিতে তলিয়ে যান সুজন ও সাব্বির। তাদের সাথে থাকা অন্য বন্ধুরা চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে সংজ্ঞাহীন অবস্থায় তাদের উদ্ধার করতে সক্ষম হন। তবে উদ্ধার করার আগেই তারা মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোবরতলা ইউনিয়নে নদীতে ডুবে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি ইতিমধ্যে নৌ পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন।
১১৮ বার পড়া হয়েছে