রাজশাহীতে ছাত্রদলকে নিয়ে ছাত্রশিবিরের বক্তব্যের প্রতিবাদ রিটনের
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে ছাত্রদলকে নিয়ে ছাত্রশিবির নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, রাজশাহীর শান্তিপূর্ণ পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগরের বাটার মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহফুজুর রহমান রিটন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
ছাত্রশিবির নেতাদের উদ্দেশে রিটন বলেন, ‘ছাত্রদল আমাদের আবেগের জায়গা। ছাত্রদলকে নিয়ে কোনো ধরনের কুরুচিপূর্ণ বা শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন। ছাত্রদলকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে রাজশাহীতে অবস্থান করার মতো এত বড় স্পর্ধা দেখাবেন না।’
তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। দেশের অগ্রযাত্রার এ সময়ে বিভিন্ন পক্ষ নানা ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রিটন আরও বলেন, শান্তির শহর রাজশাহীতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। তিনি বলেন, ‘রাজশাহীর শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল হুদা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।
এ সময় মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্যসচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্যসচিব আসাদুজ্জামান জনি, ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
এর আগে নগরের ৩০টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বাটার মোড়ে আসেন। পরে তাঁরা সমাবেশে যোগ দেন।
২৮৮ বার পড়া হয়েছে