সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় ছেলের কোপে মা ও ৮ মাসের ভাতিজি খুন, ঘাতক আটক

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার দেবীদ্বারে পারিবারিক কলহের জেরে নিজের জন্মদাত্রী মা এবং মাত্র আট মাস বয়সী অবুজ ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। এ সময় ঘাতককে বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার বড় ভাবিও। নৃশংস এই ঘটনার পর স্থানীয়রা ঘাতক যুবককে ঘরে তালাবদ্ধ করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ঘাতক ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাসের এক শিশু ভাতিজি। এ ঘটনায় গুরুতর আহত বড় ভাবি রাবেয়া বেগমকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয় এক প্রতিবেশী জানান, সকালে আকস্মিক চিৎকার শুনে তারা ছুটে গিয়ে ঘরের মেঝেতে পেয়ারা বেগমের রক্তাক্ত মরদেহ এবং খাটের ওপর শিশুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এই ভয়াবহ দৃশ্য দেখে উত্তেজিত এলাকাবাসী ঘাতক ইমনকে ঘরের ভেতরেই অবরুদ্ধ করে তালা আটকে দেয়। খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

অভিযুক্ত ইমন ওই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। কী কারণে সে নিজের মা ও শিশু ভাতিজিকে এভাবে কুপিয়ে হত্যা করল, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, ইমনের আচরণে দীর্ঘদিন ধরেই অস্বাভাবিকতা ছিল।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত যুবক ইমন দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এই হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০