সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে আগুনে পুড়ল ৫ ছাগল, স্বপ্ন হারিয়ে নিঃস্ব দিনমজুর

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দরিদ্র দিনমজুরের পাঁচটি উন্নত জাতের ছাগলসহ বসতবাড়ির গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাতে উপজেলার চাপ্তা মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে এখন সরকারি সহায়তার আশায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারটির।

স্থায়ী বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার চাপ্তা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আমিনুর শেখ পেশায় একজন রাজমিস্ত্রি। দিনভর অন্যের বাড়িতে হাড়ভাঙা খাটুনি খেটে যা আয় হতো, তা দিয়েই কোনোমতে চলত তার পাঁচ সদস্যের সংসার। স্ত্রী-সন্তানদের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়া এবং অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ সামলাতে প্রতিনিয়ত লড়াই করতে হতো তাকে। সংসারে একটু সচ্ছলতা ফেরানোর তাগিদে অনেক কষ্টে জমানো টাকা দিয়ে আটটি উন্নত জাতের ছাগল কিনেছিলেন তিনি।

ভুক্তভোগী আমিনুরের স্বপ্ন ছিল ছাগলগুলো বড় হলে বিক্রি করে ঋণের বোঝা কমাবেন এবং সন্তানদের পড়াশোনার খরচ চালাবেন। কিন্তু এক রাতের বিধ্বংসী আগুনে তার সেই দীর্ঘদিনের লালিত স্বপ্ন মুহূর্তেই বিলীন হয়ে গেছে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হঠাৎ করে তার গোয়ালঘরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।

আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তীব্রতা বেশি থাকায় তা দ্রুত পাশের রান্নাঘরেও ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোয়ালঘর ও রান্নাঘর। ফায়ার সার্ভিস কর্মীরা গোয়ালঘর থেকে তিনটি ছাগল জীবিত উদ্ধার করতে পারলেও পাঁচটি ছাগল পুড়ে মারা যায়।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এই দুর্ঘটনায় দিনমজুর আমিনুর শেখের প্রায় ১ লাখ ২০ হাজার টাকার সমপরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০