সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা: সমন্বিত উদ্যোগের তাগিদ
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে দুর্যোগ ঝুঁকি মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগপ্রবণ চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। সভায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সিরাজগঞ্জের দুর্যোগপ্রবণ ও অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (KOICA) অর্থায়নে এবং অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় মানব মুক্তি সংস্থা (MMS) পরিচালিত 'ইডিআরসি' প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করা হয়। বর্তমানে বেলকুচি উপজেলায় চলমান এই প্রকল্পের আওতায় আয়বর্ধনমূলক কাজ, দুর্যোগ সহনশীল অবকাঠামো নির্মাণ এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জেলার বেলকুচি ছাড়াও সদর, কাজিপুর, চৌহালী ও শাহজাদপুরের দুর্গম যমুনা চরাঞ্চলকে আগামীতে এই উন্নয়নমূলক উদ্যোগের আওতায় আনার জোর দাবি জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এমন প্রকল্পগুলো স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বহুলাংশে বাড়িয়ে তুলবে।
১৩৭ বার পড়া হয়েছে