‘ফ্যাসিস্ট আমলে মেডিকেলের নাম হাইজ্যাক করা হয়েছিল’: দিনাজপুরে ডা. জাহিদ
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম ফ্যাসিস্ট আমলে হাইজ্যাক করা হয়েছিল বলে মন্তব্য করেছেন উপদেষ্টা অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন। তিনি জানান, ঢাকার ওপর রোগীর চাপ কমাতে হাসপাতালটিকে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ শয্যায় উন্নীত করার কাজ চলছে।
দিনাজপুরে চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন এবং ঢাকামুখী রোগীর স্রোত কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে প্রাথমিকভাবে ১ হাজার শয্যা এবং পরবর্তীতে প্রয়োজনে ১ হাজার ৫০০ শয্যায় উন্নীত করার মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে হাসপাতালের নবনির্মিত কেবিন ব্লক ও নতুন মসজিদের উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন। তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। রোগীদের যাতে সামান্য চিকিৎসার জন্য ঢাকা ছুটতে না হয়, সেই পরিবেশ তৈরি করা হচ্ছে।
হাসপাতালের নাম পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. জাহিদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই ঐতিহ্যবাহী চিকিৎসা প্রতিষ্ঠানের নাম রাজনৈতিক উদ্দেশ্যে পরিবর্তন করা হয়েছিল। বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হলেও এর সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বর্তমানে এটি পুনরায় তার পূর্বের নামে ফিরে এসেছে।
সরাসরি তদারকির অংশ হিসেবে উপদেষ্টা হাসপাতালের আইসিইউ, সিসিইউ এবং পেডিয়াট্রিক বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকদের সেবার মান বজায় রাখার পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
এই পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাদেক আলী, হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১৪৫ বার পড়া হয়েছে