জনগণকে দেওয়া কোনো ওয়াদা ভুলে যায়নি বিএনপি: এমরান সালেহ প্রিন্স
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে এক কর্মী সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণকে দেওয়া কোনো ওয়াদা বিএনপি ভুলে যায়নি এবং তা অস্বীকারও করছে না। তিনি বিরোধী দলের সমালোচনার জবাবে বলেন, ওয়াদা ভঙ্গের কোনো ইতিহাস বিএনপির নেই এবং প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে দল অঙ্গীকারাবদ্ধ।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। সভায় তিনি বিরোধী দলের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, যারা বিএনপির প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের নিজেদের দ্বৈত নীতি আগে জনগণের সামনে পরিষ্কার করা উচিত। একদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি, অন্যদিকে সংসদীয় প্রক্রিয়ায় অংশ না নেওয়া স্ববিরোধী রাজনীতি ছাড়া আর কিছুই নয়।
বিএনপির এই নেতা জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ এবং জ্বালানি ও গ্যাস সংকট নিরসনের মতো জনবান্ধব কর্মসূচিগুলো দ্রুত চালুর ওপর জোর দেন। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে দল আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
বিরোধী দলের আন্দোলনের তীব্র সমালোচনা করে প্রিন্স প্রশ্ন তোলেন, 'আপনাদের দাবি আসলে কত দফা? প্রতিদিন দফা বাড়ানো-কমানো তাদের রাজনীতিকেই প্রশ্নবিদ্ধ করছে।' তিনি বিরোধী দলকে নিজেদের অগ্রাধিকার স্থির করতে ব্যর্থ বলে অভিহিত করেন এবং জনগণকে বিভ্রান্ত না করতে আহ্বান জানান।
তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও ইতিবাচক রাজনীতি অনুসরণ করতে হবে। দলের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সেদিকে কঠোর নজর রাখার নির্দেশ দিয়ে তিনি আগামী স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ের তাগিদ দেন।
হালুয়াঘাট পৌর শহরের একটি মিলনায়তনে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ। সভার শুরুতে ফুলপুর উপজেলা বিএনপির সদ্য প্রয়াত সদস্য সচিব হেলালুদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
১৬৭ বার পড়া হয়েছে