সর্বশেষ

জাতীয়

শীতের শুরুতেই বাতাসে বাড়ছে ধুলাদূষণ, ভোগান্তিতে নগরবাসী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
শীতের আগমনের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকায় বাড়ছে ধুলাদূষণের প্রকোপ। সড়কে চলাচল করলেই চোখ জ্বালা ও শ্বাসকষ্টের মতো সমস্যায় পড়ছেন নগরবাসী। সড়কের অসমাপ্ত খোঁড়াখুঁড়ি, নির্মাণকাজে অনিয়ম, খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন এবং অপর্যাপ্ত পানি ছিটানোর কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা পড়ছেন বেশি স্বাস্থ্যঝুঁকিতে।

শীতের শুরুতেই ধুলার চাদরে ঢেকে যাচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকা। সড়কে যানবাহন চলাচলের সঙ্গে সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ছে ধুলাবালু। অনেক জায়গায় সিটি করপোরেশনের উন্নয়নকাজ শেষ না করেই সড়ক ফেলে রাখা হয়েছে। ফলে প্রতিদিনের যাতায়াতে ভোগান্তির পাশাপাশি বায়ুদূষণের শিকার হচ্ছেন নগরবাসী।

শুধু সড়কের খোঁড়াখুঁড়িই নয়, বিভিন্ন স্থানে নির্মাণকাজের অনিয়মও দূষণ বাড়াচ্ছে। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে মানা হচ্ছে না যথাযথ বিধিমালা। খোলা ট্রাকে বালু ও মাটি পরিবহনের ফলে রাস্তায় ছড়িয়ে পড়ছে ধুলা। পাশাপাশি সড়কে জমে থাকা আবর্জনা থেকেও দূষণ ছড়াচ্ছে। এসব এলাকায় নিয়মিত পানি ছিটানোর পর্যাপ্ত ব্যবস্থাও নেই।

স্থানীয় বাসিন্দারা জানান, ধুলাবালুর কারণে তাঁদের নিয়মিত কাশি ও শ্বাসকষ্টের মতো সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। একজন বাসিন্দা বলেন, শিশুদের ধুলাবালি থেকে রক্ষা করতে অনেক সময় মাস্কের পরিবর্তে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে হচ্ছে। এলাকায় ভালো বাসা থাকলেও মশা ও ধুলাবালুর কারণে অনেকে ভাড়া নিতে চান না। সড়কের বেহাল অবস্থার কারণে রিকশা চলাচলসহ দৈনন্দিন কাজেও সমস্যা হচ্ছে।

এদিকে চলতি বছর বায়ুদূষণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এল নিনোর প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি, বৃষ্টিপাত কমে যাওয়া এবং বায়ুপ্রবাহের গতি কম থাকার কারণে দূষণের মাত্রা বাড়তে পারে।

পরিবেশবিদ ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, গত ১০ বছরে রাজধানীর বায়ুদূষণের যে পরিস্থিতি দেখা গেছে, তা আরও অবনতির ঝুঁকিতে রয়েছে। তবে দূষণ নিয়ন্ত্রণে কিছু উদ্যোগও নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, জলাধার সংরক্ষণ এবং বর্জ্য পোড়ানো বন্ধে সরকারের বিভিন্ন উদ্যোগ ও ঘোষণা। এসব পরিকল্পনা যথাযথভাবে মাঠপর্যায়ে বাস্তবায়ন করা গেলে বায়ুদূষণ কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বায়ুদূষণের প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যের ওপরও। বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। এ বিষয়ে বাংলাদেশ শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক মো. এনায়েত হোসেন বলেন, বড়দের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা উচিত। শিশুদের মধ্যে বিশেষ করে স্কুলগামী শিশুরা বায়ুদূষণে বেশি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। তাই তাদের বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করা ভালো। পাশাপাশি ছোট শিশুদের মার্কেটের মতো জনসমাগমপূর্ণ স্থানে না নেওয়ার পরামর্শ দেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ভবন নির্মাণের সামগ্রী খোলা অবস্থায় ফেলে রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ধুলাবালু ও ময়লা পরিষ্কারের জন্য বিদেশ থেকে বিশেষ ধরনের ট্রাক আনার চিন্তাভাবনা করা হচ্ছে। এ জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। এসব ট্রাক দিয়ে বালু, ধুলা ও অন্যান্য ময়লা শুষে পরিষ্কার করা সম্ভব হবে। পাশাপাশি যেসব এলাকায় পানির ব্যবস্থা নেই, সেখানে পানি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

তবে প্রতিবছর শীত মৌসুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণে নানা পরিকল্পনা ও আশ্বাস দেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি দেখা যায় না। সড়কের খোঁড়াখুঁড়ি বন্ধ, নির্মাণবিধি বাস্তবায়ন, নিয়মিত পানি ছিটানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ না নিলে রাজধানীর ধুলাদূষণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০