কুয়েটে হলে ঢুকে শিক্ষার্থীকে মারধর, চোখে গুরুতর আঘাত
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কথা-কাটাকাটির জেরে আবাসিক হলের কক্ষে ঢুকে নাজমুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এতে আক্রান্ত শিক্ষার্থীর বাম চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মারধরের শিকার নাজমুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ বর্ষের শিক্ষার্থী। রোববার সন্ধ্যা ছয়টার দিকে হলের নিজ কক্ষে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ল্যাবে ক্লাস চলাকালে বিভাগের সহপাঠী হাসান তৌফিকের সঙ্গে নাজমুলের বাকবিতণ্ডা হয়। এর সূত্র ধরে পরবর্তী সময়ে হাসান তৌফিক নাজমুলের কক্ষে গিয়ে চড়াও হন এবং ক্ষমা চাইতে বলেন। ওই সময় নাজমুল কক্ষে নামাজ পড়ছিলেন।
একপর্যায়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী হলের দরজায় ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকে নাজমুলকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় তার বাম চোখে প্রচণ্ড আঘাত লাগলে রক্তপাত শুরু হয়।
পরবর্তী সময়ে রুমমেট ও সাধারণ শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। চোখের আঘাত মারাত্মক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনার বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাজন কুমার রাহা জানান, শিক্ষার্থীর চোখের পাতার ওপরে কেটে গেছে এবং চোখের ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে।
১০৭ বার পড়া হয়েছে