কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজা খুন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তাঁরা ফুফু ও ভাতিজা।
নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে খালেদা আক্তার ও তাঁর স্বজনদের সঙ্গে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া অতর্কিতভাবে তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে খালেদা আক্তার ও মনজুরুল আলম টিটুকে গুরুতর আহত করা হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুর শাখায় নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত টিটুর শাশুড়ি জোসনা বেগম ও স্বজন মো. শফিকুল ইসলাম বলেন, পূর্ববিরোধ ও জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। সেখানে দুজনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১১০ বার পড়া হয়েছে