মোংলায় ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু বিপর্যয় রোধ ও উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে মোংলায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে এই চারা বিতরণ করা হয়। বনায়ন রক্ষা ও সুন্দরবনের সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার সকালে 'বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি' শ্লোগানকে সামনে রেখে চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং আশা-হফনুং যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে বিদ্যালয়ের প্লানেটিয়ার্স ক্লাব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 'ধরা'র কেন্দ্রীয় নেতা এবং পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। তিনি সুন্দরবনের আয়তন হ্রাসের বিষয়টি উদ্বেগ প্রকাশ করে বলেন, এক সময়ে সুন্দরবনের আয়তন ছিল ১৯ হাজার ৫০৯ বর্গ কিলোমিটার, যা মানুষের বনবিনাশী কর্মকাণ্ডের কারণে বর্তমানে অর্ধেকে নেমে এসেছে। উপকূলের সুরক্ষায় ম্যানগ্রোভ বনায়ন বাড়ানোর ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল সরকারের 'একটি শিশু, একটি গাছ' কর্মসূচির প্রশংসা করেন। তিনি জানান, বিতরণ করা এই গাছের চারাগুলো যেসকল শিক্ষার্থী সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তুলবে, বছর শেষে তাদের 'ধরা' এবং 'ওয়াটারকিপার্স বাংলাদেশ'-এর পক্ষ থেকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষক উত্তম মন্ডল, ব্রজেন রায়, শেখ শাকিব হুসাইন, পরিবেশযোদ্ধা মেহেদী হাসান এবং প্লানেটিয়ার্স ক্লাবের ক্যাপ্টেন ঐশী করিম। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে বনায়নের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
১৩৪ বার পড়া হয়েছে