মাদক ও কৃত্রিম সার সংকট রুখতে ময়মনসিংহ প্রশাসনের কঠোর হুঁশিয়ারি
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক নিয়ন্ত্রণ এবং কৃত্রিম সার সংকট দূরীকরণে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বিট পুলিশিং কার্যক্রম জোরদার করারও তাগিদ দেন সংশ্লিষ্টরা।
ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ মাদকমুক্ত সমাজ গঠনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
বিশেষ করে ফুলপুর ও তারাকান্দা থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য। তিনি সতর্ক করে বলেন, মাদক নির্মূল করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম গভীর সংকটে পড়বে। তাই এখনই এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান বলেন, সমাজ থেকে অপরাধ দূর করতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিট পুলিশিং ও বিভিন্ন সামাজিক কমিটিকে আরও সক্রিয় করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। ইতিমধ্যেই মুক্তাগাছা, ফুলবাড়িয়া, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় এসব কার্যক্রম সফলভাবে চলছে বলে তিনি উল্লেখ করেন।
মাদক সংক্রান্ত তথ্যদাতাদের নিরাপত্তার বিষয়ে জেলা প্রশাসক বলেন, মাদক কারবারিদের হাত থেকে তথ্য প্রদানকারীদের রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। কোনো শুভাকাঙ্ক্ষী যেন মিথ্যা মামলা বা হয়রানির শিকার না হন, সেদিকে পুলিশ প্রশাসনকে বিশেষ নজর দিতে হবে।
এদিকে বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার থাকার পরও যারা অবৈধ মজুত বা কালোবাজারির মাধ্যমে কৃষকদের বিপদে ফেলার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশরাফুল করিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরীসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০৬ বার পড়া হয়েছে