গোপালগঞ্জে তেলবাহী নসিমন খাদে পড়ে চালকের প্রাণহানি
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে তেলবাহী একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মো. রাসেল শেখ (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার জয়নগর-কাশিয়ানী সড়কের হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানা পুলিশ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত নসিমন চালক রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাসোনিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নগর থেকে জ্বালানি তেল বোঝাই করে নসিমনটি কাশিয়ানীর দিকে যাচ্ছিল। পথে হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে চালক গাড়িটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে নসিমনটি রাস্তা থেকে ছিটকে পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় চালক রাসেলকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেলবাহী গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত চালকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১২৪ বার পড়া হয়েছে