সর্বশেষ

সারাদেশ

সৎ সাহস থাকলে পালিয়ে না থেকে আদালতের মুখোমুখি হোন: ডা. জাহিদ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগের নেতাকর্মীদের পালিয়ে না থেকে দেশে ফিরে আইন ও আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশে যে লুটপাট ও হত্যাকাণ্ড চালিয়েছে, তার প্রতিটি হিসাব বাংলাদেশের মাটিতেই হবে। পঞ্চগড়ে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন বিগত সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, যারা পাখির মতো গুলি করে দেশের মানুষকে হত্যা করেছে এবং মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি চালিয়েছে, তাদের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করা হবে।

সাবেক স্বৈরাচারী সরকারের পলায়নপর নীতির সমালোচনা করে তিনি আরও বলেন, বিএনপি কখনো ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করে না। গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী বিএনপি সব সময় এ দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছে। স্বৈরাচারের দোসরদের অপপ্রচারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, তারা বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে ‘মব কালচার’ তৈরি করে দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা চালাচ্ছে।

আন্দোলনের কঠিন দিনগুলোতে বিএনপির নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে ডা. জাহিদ বলেন, বিগত শাসনামলে শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, লাখো মানুষকে জেলে পাঠানো হয়েছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। এত অত্যাচারের পরও বিএনপির নেতাকর্মীদের মনোবল ভাঙা সম্ভব হয়নি।

এদিকে, মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্যাগী নেতাদের মূল্যায়নের বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। তবে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাসাস নেতা ইউনুস শেখ, যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০