ভুল বুঝতে পেরে রেলকে ২৫ হাজার টাকা ফেরত দিলেন নারী যাত্রী
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘদিন বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার পর নিজের ভুল বুঝতে পেরে রেল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা পরিশোধ করেছেন এক নারী যাত্রী। পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে এসে তিনি স্বেচ্ছায় এই অর্থ জমা দেন। সততা ও অনুশোচনার এই অনন্য দৃষ্টান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ওই নারী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কর্মস্থলে যাতায়াতের সুবাদে তিনি নিয়মিত পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতেন। তবে দীর্ঘ এই সময়ে তিনি কখনো ট্রেনের টিকিট কাটেননি।
সম্প্রতি নিজের এই অন্যায় উপলব্ধি করতে পেরে তিনি রাজশাহীর রেলওয়ে ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) এ কে এম নুরুল আলমের সাথে যোগাযোগ করেন। তাঁরই দেওয়া দিকনির্দেশনা অনুযায়ী ঈশ্বরদী স্টেশনের প্রধান বুকিং সহকারী শহিদুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে ২৫ হাজার টাকা জমা দেন তিনি।
টাকা জমা দেওয়ার সময় উপস্থিত সিনিয়র টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী যাত্রী নিজের ভুল সংশোধন করতে স্বেচ্ছায় টাকা পরিশোধ করেছেন। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় এবং ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
১০৯ বার পড়া হয়েছে