গোপালগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের সূচনা
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দেশব্যাপী এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয়ভাবে উদ্বোধনের পর গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতনতামূলক এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন স্প্রে অভিযানের উদ্বোধন করা হয়। এ সময় গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর উপস্থিত নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান এবং সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রোভার স্কাউট, বিএনসিসি ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।
এদিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ হলরুমে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
টুঙ্গিপাড়ার এ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় উপস্থিত ছিলেন। সভায় প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং এডিস মশার লার্ভা ধ্বংসের ওপর জোর দিয়ে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার তাগিদ দেওয়া হয়।
১১৭ বার পড়া হয়েছে