জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশব্যাপী জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদরে তিন দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য। মূলত ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার সকালে জামালপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), বাংলাদেশ স্কাউটস এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
প্রথম দিনের কর্মসূচিতে উপজেলা পরিষদ কার্যালয় ও তার আশেপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। বিশেষ করে এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি নিষ্কাশন এবং সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করার ওপর জোর দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়িঘর ও কর্মক্ষেত্র পরিষ্কার রাখতে এগিয়ে আসতে হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় কর্মসূচির সঙ্গে সংগতি রেখে আগামী তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
১১৮ বার পড়া হয়েছে