নরসিংদীতে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে এডিস মশা নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ মাসব্যাপী বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ জোর দেওয়া হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভার মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা ঘটে। জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে দেশজুড়ে একযোগে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সিভিল সার্জন মো. বুলবুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এবং নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস। এ সময় বক্তারা ডেঙ্গুর মারাত্মক বিস্তার ঠেকাতে ব্যক্তি পর্যায় থেকে সচেতনতা গড়ে তোলার তাগিদ দেন।
কর্মসূচি উদ্বোধনের পরপরই জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া নিজে মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা অভিযানে নামেন। তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, ড্রেন ও সরকারি আবাসন এলাকা পরিদর্শন করেন। এডিস মশার প্রজনন উপযোগী সব ধরনের জমে থাকা পানি নিষ্কাশন এবং ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম সরাসরি তদারকি করেন তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, আগামী তিন মাসব্যাপী এই বিশেষ অভিযানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, এবং বিভিন্ন জনবহুল স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করা হবে। একই সাথে স্থানীয় স্বেচ্ছাসেবী ও তরুণদের সমন্বয়ে মশার লার্ভা ধ্বংসের বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে।
পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক বলেন, শুধু প্রশাসনিক তৎপরতা দিয়ে ডেঙ্গু সম্পূর্ণ নির্মূল সম্ভব নয়। ডেঙ্গুর প্রকোপ রুখতে প্রতিটি নাগরিককে নিজের আঙিনা পরিষ্কার রাখতে হবে। তিনি এই কর্মসূচিকে একটি টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
১২১ বার পড়া হয়েছে