তানোরে দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টা, হিন্দু সম্পদায়ের বিক্ষোভ
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর তানোর উপজেলার শিবরামপুরে শত বছরের প্রাচীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং দেবোত্তর সম্পত্তি রক্ষায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। অবিলম্বে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ ও সীমানা নির্ধারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
রাজশাহীর তানোরের শিবরামপুর মধ্যপাড়া এলাকায় শ্রী শ্রী কালীমাতার নামে থাকা ৫ একর ৪ শতাংশ দেবোত্তর সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। সম্পত্তিটি রক্ষা ও স্থায়ী সমাধানের দাবিতে শত শত মানুষের অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিবরামপুর শালবান্ধাপাড়া দ্বীপের মোড় এলাকায় এসে শেষ হয় এবং সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের পর আন্দোলনকারীরা বিতর্কিত ধানি জমিতে গিয়ে কালীমাতার নামে থাকা সম্পত্তির সীমানা উল্লেখ করে সেখানে প্ল্যাকার্ড স্থাপন করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সি.এস., এস.এ. ও আর.এস. রেকর্ড অনুযায়ী এই ৫ একর ৪ শতাংশ জমি দেবোত্তর সম্পত্তি হিসেবে রেকর্ডভুক্ত এবং দীর্ঘদিন ধরে স্থানীয় সেবায়েতরা এটি দেখভাল করে আসছেন। ওই জমিতে অনেক দরিদ্র হিন্দু পরিবার বসবাস ও চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছে।
অভিযোগ উঠেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো শংকরবাটি এলাকার একটি প্রভাবশালী চক্র ভুয়া দলিলের মাধ্যমে এই দেবোত্তর সম্পত্তির মালিকানা দাবি করে তা দখলের চেষ্টা চালাচ্ছে। গত ১২ আগস্ট একদল বহিরাগত লাঠিয়াল বাহিনী দিয়ে বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা চালানো হলে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে তারা পিছু হটে এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এই ঘটনার পর থেকে তানোরের সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানান, ইতিপূর্বে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। তাই অবিলম্বে সরেজমিন তদন্ত করে জমি নিয়ে সৃষ্ট বিরোধের স্থায়ী সমাধান ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
১০৯ বার পড়া হয়েছে