নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ৪ জন নিখোঁজ
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে ৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার লাখপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রবল স্রোতের কারণে প্রথম দিনের উদ্ধার অভিযান স্থগিত করেছে ফায়ার সার্ভিস।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুরের লাখপুর এলাকার বাসিন্দা মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন ওই তিন ব্যক্তি। শুক্রবার বিকেলে বাড়ির অন্য সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানা তিনজনই নদীর প্রবল স্রোতে গভীর পানিতে তলিয়ে যান। তাদের এই অবস্থা দেখে অন্য এক কিশোর সৌরভ উদ্ধারের চেষ্টা করতে গেলে সেও নদীর স্রোতে তলিয়ে যায়।
নিখোঁজ ব্যক্তিরা হলেন— নরসিংদীর শিবপুরের মজনু মিয়ার ছেলে সৌরভ, টাঙ্গাইলের জুয়েলের ছেলে মো. শান্ত (২৪), গাজীপুরের কালীগঞ্জের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮) এবং কাপাসিয়ার মোসা. শান্তা (১৬)।
স্বজনদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে কোনো সন্ধান না পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে কোনো সন্ধান না পাওয়ায় এবং নদীতে তীব্র স্রোত থাকার কারণে সন্ধ্যা নামার আগেই প্রথম দিনের উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান জানান, নদীতে ব্যাপক স্রোত থাকার কারণে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। ভৈরব থেকে একটি বিশেষ ডুবুরি দল আসার কথা রয়েছে। তারা পৌঁছালে শনিবার সকাল থেকে পুনরায় বড় পরিসরে উদ্ধার অভিযান শুরু হবে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তিরা সাঁতার জানতেন না বলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধার অভিযান সফল করতে পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
১১০ বার পড়া হয়েছে