বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে গেছে একটি মাছধরা ট্রলার। তবে স্থানীয় জেলেদের সাহসিকতায় ও প্রশাসনের দ্রুত তৎপরতায় ট্রলারে থাকা ১৪ জন জেলেকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরে এই রোমহর্ষক ট্রলারডুবির ঘটনাটি ঘটে।
বরগুনার তালতলী উপজেলার নিদ্রা এলাকার বাসিন্দা জাফর মিয়ার মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ট্রলার ১৪ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার আবহাওয়া খারাপ হয়ে উঠলে জেলেরা দ্রুত উপকূলে ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু উপকূল থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে ফকিরহাট সংলগ্ন সাগরে পৌঁছাতেই প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ও স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে রাত ১০টার দিকে ভাসমান অবস্থায় ‘সেলিম মাঝী’র ট্রলারের সাহায্যে ১৪ জেলেকেই উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধারকৃত জেলেরা নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় ট্রলার মালিক সমিতি।
ফকিরহাট মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোঃ মজিবর ফরাজী জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় এবং বিশাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী ট্রলার পাঠিয়ে জেলেদের উদ্ধার করা হয়, তবে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান এখনো মেলেনি।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানিয়েছেন, সাগরে উদ্ধার হওয়া জেলেরা সকলেই সুস্থ আছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকৃত জেলেদের পরিবারের জন্য শুকনো খাবার, চাল ও প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হবে।
১১১ বার পড়া হয়েছে