গৌরীপুরে মাদক ও জুয়া বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন, শাস্তির দাবি
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের গৌরীপুরে মাদক ও জুয়ার আগ্রাসন বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে আয়োজিত এই কর্মসূচিতে শত শত স্থানীয় নারী-পুরুষ অংশ নিয়ে মাদক কারবারিদের কঠোর শাস্তির দাবি জানান।
গত শুক্রবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কলতাপাড়া বাজারে ডৌহাখলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। জাসাস নেতা রুহুল আমিন মন্ডলের সঞ্চালনায় এবং সিরাজুল হকের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন অলিগলি এখন মাদক ও জুয়ার আখড়ায় পরিণত হয়েছে। সম্প্রতি ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া স্থানীয় সাংবাদিক পরিচয়ধারী এইচ. টি. তোফাজ্জল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত মাদক কারবারি আশরাফুল ও সাইফুল ইসলাম খাসহ অন্যান্য মদদদাতাদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি তোলা হয়।
মানববন্ধন শেষে মাদক ও জুয়ার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলতাপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় আগের স্থানে এসে শেষ হয়। বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষ মাদক দমনে আপসহীন ভূমিকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি তানভীর আহমেদ, জাসাসের গৌরীপুর উপজেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন হিমেল, জুলাই বিপ্লবের বীর যোদ্ধা বাহালুল মুন্সি এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খুররম খান। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাতে কলতাপাড়া এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ তোফাজ্জাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ, যিনি বর্তমানে আদালতের নির্দেশে কারাগারে রয়েছেন।
১০৮ বার পড়া হয়েছে