গোপালগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের এক বর্বরোচিত ঘটনা ঘটেছে যেখানে টুঙ্গিপাড়ায় ফাঁকা বাড়িতে সন্তানদের সামনে এক নারীকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। এই পাশবিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গুরুতর জখম অবস্থায় ভুক্তভোগী গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া খানকা মাদ্রাসা এলাকায় গত ৮ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে এই জঘন্য অপরাধ সংঘটিত হয়। প্রতিবেশীদের সাথে মামলা সংক্রান্ত বিরোধের জেরে গ্রেপ্তার এড়াতে ভুক্তভোগীর পরিবারের পুরুষ সদস্যরা ঘটনার সময় বাড়িতে ছিলেন না। এই সুযোগে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে।
ভুক্তভোগী নারী জানান, গভীর রাতে সোহাগ কাজী ও তার সহযোগী আকবরসহ ৩ থেকে ৪ জন ঘরে ঢুকে তার হাত-পা বেঁধে ফেলে। বাধা দিতে গেলে তার সন্তানদের দূরে ছুড়ে ফেলা হয় এবং তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে প্রতিবেশীরা ওই গৃহবধূকে আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানিয়েছেন, গুরুতর আহত ওই নারীর শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে এবং হামলায় তার দুটি দাঁত ভেঙে গেছে।
এই ঘটনায় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ূব আলী গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সোহাগ কাজী ও তার সহযোগী আকবরকে গ্রেপ্তার করেছে। মামলার অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
৬৪৯ বার পড়া হয়েছে