তালায় ১৩ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, নিষেধাজ্ঞা প্রশাসনের
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করে ছাত্রীদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিত করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাঁদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিবাহের বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর মধ্যে ১১ জন ছাত্রী ও তাঁদের অভিভাবককে নোটিশ দেওয়া হয়েছে। বাকি দুজনের নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে।
নাজমুন নাহার আরও জানান, নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে আটজন ছাত্রীসহ ১১ জনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। পরে তাঁদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করে বলেন, একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের বিষয়ে তাঁদের বাবা-মাকে ডেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত তাঁরা যেন সংসারজীবনে না গিয়ে বিদ্যালয়ে ফিরে আসে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের আরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, তালা থানার এসআই তৌহিদুজ্জামান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১২৭ বার পড়া হয়েছে