রূপগঞ্জে জমি বিরোধে ২ কলেজ শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার পলখান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পলখান এলাকার বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার শাহীন আকন্দের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম ও আলামীনসহ ১৫-১৬ জনের একদল সশস্ত্র বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে পলখান বাজারে বাবুল মিয়াকে খুঁজতে যায়।
বাজারে বাবুলকে না পেয়ে সেখানে একটি দোকানে বসে থাকা তাঁর কলেজপড়ুয়া দুই ছেলে আলতাফ হোসেন ডিজান ও সিফাত হোসেনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় তাঁদের বাঁচাতে এগিয়ে এলে সাত্তার নামের আরেক যুবককেও কুপিয়ে আহত করে হামলাকারীরা।
ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আলতাফ হোসেন ডিজানের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ ৯ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে