গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারীসহ নিহত ৩
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার সকালে ঘটা এই দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী প্রাণ হারান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১৭ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাসে থাকা পিরোজপুরের জিয়ানগর থেকে আসা এক আহত যাত্রী জানান, বাসের চালক অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। বারবার সতর্ক করা সত্ত্বেও গতি না কমানোর কারণে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির দুর্ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকাজের খোঁজখবর নেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। তবে এখনো নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২৮ বার পড়া হয়েছে