নওগাঁয় অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই ডিজিটাল সারভিলেন্স ও সাইবার ল্যাব’ উদ্বোধন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চালু করা হয়েছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব’। শনিবার জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ এই ল্যাবটির উদ্বোধন করা হয়। এটি জেলায় সাইবার অপরাধের রহস্য উন্মোচনে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নওগাঁ জেলা পুলিশের আয়োজনে আয়োজিত এক বর্ণাঢ্য সুধী সমাবেশে এই সর্বাধুনিক ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ডিজিটাল ল্যাবটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মানিত আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আশিক সাঈদ। সাইবার অপরাধের বর্তমান চিত্র ও আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো: আবু বকর সিদ্দিক।
সুধী সমাবেশে বক্তারা বলেন, বর্তমান যুগে প্রযুক্তির অপব্যবহার বৃদ্ধি পাওয়ায় অপরাধের ধরনও বদলে গেছে। এই ল্যাবে ব্যবহৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি পুরো জেলায় সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে সাহায্য করবে। একই সাথে সাইবারজগতের যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
১০৯ বার পড়া হয়েছে