গোপালগঞ্জে মুসলিমা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ মুসলিমা খানমকে বিষ খাইয়ে হত্যার প্রতিবাদে এবং ঘাতক স্বামীসহ জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে নিহতের পরিবার ও এলাকাবাসী এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বর্বর এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় বরফা এলাকা।
শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বরফা এলাকায় নিহত মুসলিমা খানমের বাবার বাড়ির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরফা বাজারে গিয়ে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা সেখানে সড়কে দাঁড়িয়ে প্রায় ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
মানববন্ধন চলাকালে নিহতের মা মর্জিনা বেগম, ভাই জুয়েল মোল্লা, ছেলে মুক্তাছিন মোল্লা, কামরুল ইসলাম মোল্লা ও ইকরাম সরদার বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মুসলিমার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছিল তার স্বামী কুরবান মোল্যা ও শ্বশুরবাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট তার মুখে জোরপূর্বক বিষ ঢেলে হত্যা করা হয়। অবিলম্বে ঘাতক স্বামীসহ জড়িত সকলের দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানান বক্তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে মুসলিমার পরিবার ইতিপূর্বে কয়েক দফায় অভিযুক্তদের ১২ লাখ টাকা প্রদান করে। সম্প্রতি তারা পুনরায় আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করলে মুসলিমা তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তার ওপর নির্যাতন চালিয়ে মুখে বিষ ঢেলে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
১০৭ বার পড়া হয়েছে