স্ত্রীকে ভাগিয়ে নেয়ার অভিযোগ: বিচার না পেলে সপরিবারে আত্মহত্যার হুমকি
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতার বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জড়িত ওই নেতার দৃষ্টান্তমূলক বিচার না হলে সপরিবারে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার ঘোষণা দিয়েছে ভুক্তভোগী পরিবারটি।
অভিযুক্ত ওই নেতার নাম অ্যাডভোকেট মো. নয়ন মোল্লা। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সহ-সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি নানা অপকর্মের অভিযোগে তাকে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে প্রবাসীর বোন শাহিদা আক্তার অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। কিন্তু দলের একজন প্রভাবশালী নেতার এমন অনৈতিক কর্মকাণ্ডে আজ তাদের পুরো পরিবার বিপর্যস্ত। দেশের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পরিবারের অভিযোগ অনুযায়ী, আদালতের একটি মামলার সূত্র ধরে আইনজীবী নয়ন মোল্লার সাথে কুয়েত প্রবাসী লুৎফর রহমানের পরিবারের পরিচয় ঘটে। পরবর্তীতে নয়ন মোল্লা প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে বিভিন্ন সময়ে টাকা আত্মসাৎ করতে থাকেন। গত ৩ আগস্ট প্রবাসীর স্ত্রী লুৎফর রহমানের পাঠানো ১ কোটি ১০ লাখ টাকা এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে ওই নেতার সাথে পালিয়ে যান।
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্ত নয়ন মোল্লাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যথায় প্রকাশ্য রাজপথে সপরিবারে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে