চার পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা ও সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চার পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
চাকরি থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) সঞ্জিত কুমার রায়, ডিএমপির সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার, রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সঞ্জিত কুমার রায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধে সরকারি দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা, সরকারি আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। বিভাগীয় তদন্তে তাঁর বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে।
মানস কুমার পোদ্দার ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান ছুটি শেষে ২০২৫ সালের ১৬ জানুয়ারি কর্মস্থলে যোগ দেননি। পরে অনুমতি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাঁর বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাঁকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, চার কর্মকর্তার বিরুদ্ধেই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা ও তদন্ত পরিচালনা করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে তাঁদের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী চারটি প্রজ্ঞাপনে সই করেন।
১২৬ বার পড়া হয়েছে