ফরিদপুরে অনুমোদনহীন ‘আজকের সারাদেশ হাসপাতাল’ সিলগালা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীতে কোনো বৈধ অনুমোদন ছাড়াই গড়ে ওঠা ‘আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি অবৈধ ক্লিনিক সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে প্রায় এক বছর আগে নাজমুল আলম পারভেজ ও আতিয়ার রহমান নামের দুই ব্যবসায়ী কোনো ধরনের অনুমোদন ছাড়াই এই চিকিৎসা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। নামমাত্র সেবার আড়ালে দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে প্রতারণা ও নানা অনিয়মের অভিযোগ উঠছিল হাসপাতালটির বিরুদ্ধে।
ক্লিনিকটির এমন অব্যবস্থাপনা নিয়ে স্থানীয়দের অসন্তোষের জেরে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি বোয়ালমারী উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের নির্দেশে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ। অভিযানকালে হাসপাতালটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়া চিকিৎসার পরিবেশ ও সেবার মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করার নির্দেশ দেন।
১০৮ বার পড়া হয়েছে