বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, ৪ দফা দাবি
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় অন্তত ১৫ জন চিকিৎসক আহত হওয়ার ঘটনায় অনির্দিষ্টকালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ ৪ দফা দাবিতে বুধবার থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বগুড়ার শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। চিকিৎসকদের দাবি, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা ওই রোগীর শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতা ছিল। সর্বোচ্চ চেষ্টা করার পরও রাত ১০টার দিকে রোগীর মৃত্যু হলে উত্তেজিত স্বজনেরা কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালান।
এই হামলায় হাসপাতালের অন্তত ১৫ জন ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বুধবার এক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকেরা।
সংবাদ ব্রিফিংয়ে চিকিৎসকদের পক্ষ থেকে রিতুল মণ্ডল স্নিগ্ধ, অর্পণ দত্ত, মেহেরুপ হোসেন পৃথিবী ও আহসান জারিফ বক্তব্য রাখেন। তারা কর্মস্থলে নিরাপদ পরিবেশ ও চিকিৎসকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
আন্দোলনরত চিকিৎসকদের উত্থাপিত চার দফা দাবির মধ্যে রয়েছে— হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়া, হাসপাতালে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আনসার সদস্যের সংখ্যা বাড়ানো এবং শয্যাসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ। এছাড়া হাসপাতালে রোগীর সঙ্গে একজনের বেশি দর্শনার্থী বা এটেনডেন্ট প্রবেশ না করার ওপরও জোর দেন তারা।
১২৪ বার পড়া হয়েছে