পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, তদন্তে অতিরিক্ত ডিআইজি
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজবাড়ীতে পুলিশের সামনে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় মাঠে নেমেছে ঢাকা রেঞ্জ পুলিশ। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।
রাজবাড়ী শহরের বড় কাপড় বাজারে নারী ব্যবসায়ী ও উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে হেনস্থা ও মারধরের ঘটনায় গঠিত তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি বুধবার দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কমিটির প্রধান ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকীর নেতৃত্বে এই প্রতিনিধিদল সরেজমিনে পুরো ঘটনাটি খতিয়ে দেখে।
পরিদর্শনকালে তদন্ত কমিটির অপর সদস্য ঢাকা রেঞ্জের পুলিশ সফল (অপারেশন) শাকিলা সুলতানা, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ উপস্থিত ছিলেন। তারা ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রের ওপর ভিত্তি করে ঢাকা রেঞ্জের ডিআইজি এই বিশেষ তদন্ত কমিটি গঠন করেছেন। ঘটনার সময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কোনো ধরনের অবহেলা ছিল কি না, তাও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে গোপনেও তথ্য সংগ্রহ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব। সমাজে নারী উদ্যোক্তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজবাড়ীর কাপড় বাজারে ব্যবসায়িক বিরোধের জেরে জাকিয়া সুলতানাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনায় রাজবাড়ী সদর থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২১ বার পড়া হয়েছে