শিক্ষায় আমূল পরিবর্তনের তাগিদ, নৈতিক ও কর্মমুখী শিক্ষা বিষয়ক সেমিনার
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের শিক্ষা খাতের বিদ্যমান সংকট, এর কারণ এবং উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে রাজধানীর উত্তরায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তনের পাশাপাশি নৈতিকতা, কর্মমুখী শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা জরুরি।
‘বাংলাদেশে শিক্ষার সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারটি মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর উত্তরার ড্রিম জেনারেশন কমপ্লেক্স হলে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি স্টাডি ফোরাম, উত্তরা, ঢাকা এ আয়োজন করে।
সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকেরা বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থার নানা সংকট, এর পেছনের কারণ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। কর্মমুখী ও নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দেন।
অধ্যাপক ফরিদ আহমদ সোবহানী বলেন, বাংলাদেশে কর্মমুখী ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে। এই ঘাটতি দূর করতে পারলে আদর্শ, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠন সম্ভব।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিটি ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শাহাদাত কবির। তিনি বাংলাদেশের শিক্ষা খাতের সংকটের বিভিন্ন কারণ তুলে ধরেন। পাশাপাশি সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক কয়েকটি সুপারিশ উপস্থাপন করেন।
ইউনিভার্সিটি স্টাডি ফোরামের সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফ্যাকাল্টি মেম্বার ড. মো. রাশেদুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটের মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল আজিজ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন ড. ইব্রাহীম সালেহীন এবং একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক বিভাগের পরিচালক আবদুল মতিন।
এ ছাড়া নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান মো. জাকির হোসেন আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সাকোয়াত জামান সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মো. ওমর হোসেন।
সেমিনারের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা পর্ব। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক ও শিক্ষকেরা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে মতামত দেন।
আলোচনায় শিক্ষার পাঠ্যক্রমে নৈতিক শিক্ষার গুরুত্ব, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ এবং গবেষণার জন্য উপযোগী পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, নৈতিকতা ও কর্মমুখী দক্ষতার সমন্বয় ছাড়া একটি দক্ষ ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা কঠিন। শিক্ষা খাতের বিদ্যমান সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, গবেষক ও স্কলাররা উপস্থিত ছিলেন।
১২২ বার পড়া হয়েছে