রাজশাহীতে ক্লাবে জুয়া খেলার সময় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ১২
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর উপশহর এলাকার একটি ক্লাব থেকে জুয়া খেলার অপরাধে পুলিশ কনস্টেবলসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বোয়ালিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। মঙ্গলবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে নগরীর উপশহর এলাকায় উত্তরা ক্লিনিকের মোড় সংলগ্ন ‘উপশহর একতা সংঘ’ নামের একটি টিনশেড ক্লাবে এ অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে টাকার বিনিময়ে জুয়া খেলার আসর বসেছিল।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন মো. ওয়াহিদ মুরাদ (৪৭), যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার বাসিন্দা।
অভিযানে আটক অন্য ব্যক্তিরা হলেন আলমগীর কবির, খাইরুল হাসান, ফিরোজ উদ্দিন, তোফায়েল আহমেদ, মো. হান্নান, তানজিদ, মনজুরুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহাবক্স, মাসুদ রানা ও সাইফুল ইসলাম। তারা সবাই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০৮ বার পড়া হয়েছে