কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমে সন্তুষ্ট মহাপরিচালক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করে গভীর সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মহাপরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল হোসেন। ৩১ আগস্ট বিকেলে তিনি কক্সবাজার অফিস পরিদর্শন করেন এবং সেখানে সেবা নিতে আসা প্রান্তিক বিচারপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় বিচারপ্রার্থীরা সরকারি খরচে দ্রুত আইনি সেবা পাওয়ার কথা তুলে ধরেন।
পরিদর্শন শেষে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ অভিজিৎ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন সংস্থার সাথে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম সম্প্রসারণে সম্পাদিত চুক্তি ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। একই সাথে তিনি কক্সবাজারে দ্রুত একটি পৃথক লিগ্যাল এইড ভবন নির্মাণের জন্য স্থান নির্বাচনের নির্দেশনা দেন।
সভায় কক্সবাজার জেলায় বাধ্যতামূলক বিচার পূর্ব মধ্যস্থতা কার্যক্রমে স্থানীয় জনগণের অভূতপূর্ব সাড়ার প্রশংসা করা হয়। আইনজীবীরা জোর দিয়ে বলেন, স্বল্প সময়ে এবং আইনে নির্ধারিত তামাদির বিষয়গুলো বিবেচনায় রেখে যাতে দ্রুত বিরোধ নিষ্পত্তি করা যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মহাপরিচালক লিগ্যাল এইড কার্যক্রম আরও বেগবান করতে প্রয়োজনীয় budget বরাদ্দ ও প্রণোদনার ব্যবস্থা করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৬ষ্ঠ আদালত), জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইউনুস। এ ছাড়া জিবি, স্পেশাল মেডিয়েটর, প্যানেল আইনজীবী ও বিচারপ্রার্থীরা সভায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন।
১২৩ বার পড়া হয়েছে