নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল চালকসহ ২ জনের
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার কেন্দুয়ায় একটি মালবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজার সংলগ্ন চান্দপাড়া কলেজের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের পরিচয় শনাক্ত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। নিহতরা হলেন—কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দলন গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩৮) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কেন্দুয়া-নেত্রকোনা সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ওয়াজেদ ও আরোহী লিজা মারা যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধারকাজ শুরু করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে