সরকারকে বিব্রত করার চেষ্টায় কাউকে ছাড় নয়: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করা এবং জেলাটিকে বিশেষ ক্যাটাগরিতে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সোমবার জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা প্রশাসন ও সরকারকে বিব্রত করার অপচেষ্টা করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জকে একটি আধুনিক মেট্রোপলিটন সিটি হিসেবে গড়ে তোলা এবং জেলাটিকে 'বি' ক্যাটাগরি থেকে 'এ' অথবা বিশেষ ক্যাটাগরিতে উন্নীত করা এখন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের প্রাণের দাবি। মাদকের ভয়াবহতা দূর করতে কঠোর আইনি পদক্ষেপের তাগিদ দিয়ে তিনি বলেন, মাদকের সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নে কাজ করছে বর্তমান সরকার।
নারায়ণগঞ্জের বিগত সময়ের অপরাধমূলক ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, অতীতে এই জেলায় যে খুনের কালচার বা বিচারহীনতার সংস্কৃতি ছিল, তার তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং প্রশাসনকেও সেই গতিতে জনসেবা নিশ্চিত করতে হবে। কোনো মহলের চক্রান্তে সরকারকে বিব্রত হতে দেওয়া যাবে না।
উক্ত আইনশৃঙ্খলা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল্লাহ আল আমিন, সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
১২১ বার পড়া হয়েছে