মাম্যাচিংয়ের সঙ্গে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। গতকাল রোববার (৩০ আগস্ট) জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খানসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রকাশিত নিউজলেটারসহ বিভিন্ন সম্মাননা স্মারক চেয়ারম্যানের হাতে তুলে দেন।
পরে বান্দরবানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিধি বাড়ানো এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
সাক্ষাতে জেলার শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উচ্চশিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণাভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, জেলা পরিষদ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়লে বান্দরবানে উচ্চশিক্ষার প্রসার এবং গবেষণার সুযোগ আরও বিস্তৃত হতে পারে।
১১৯ বার পড়া হয়েছে