ময়মনসিংহ মেডিকেলে অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের বিক্ষোভ
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দীর্ঘদিনের নানা অনিয়ম, দুর্নীতি ও চরম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’। সোমবার হাসপাতাল চত্বরে আয়োজিত এই কর্মসূচি থেকে চিকিৎসাসেবার মান নিশ্চিতকরণসহ ওষুধ সরবরাহ চালুর জোর দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারি এই সর্ববৃহৎ চিকিৎসালয়ে সেবা নিতে এসে সাধারণ রোগীরা প্রয়োজনীয় ওষুধ ও জরুরি চিকিৎসা সামগ্রী পাচ্ছেন না। অতি সাধারণ স্যালাইনও রোগীদের বাইরের দোকান থেকে কিনতে হচ্ছে, যা চিকিৎসা ব্যবস্থার বেহাল দশাকে ফুটিয়ে তোলে।
বক্তারা আরও তুলে ধরেন, হাসপাতালের গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার বহু যন্ত্রপাতি বছরের পর বছর বিকল হয়ে পড়ে রয়েছে। যার ফলে দরিদ্র রোগীরা বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে চড়া মূল্যে পরীক্ষা করাচ্ছেন।
কর্মসূচিতে বক্তারা হাসপাতালে সক্রিয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাচার চক্রকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে গত সেপ্টেম্বর মাসে হাসপাতালে ঘটা অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশের জোর আহ্বান জানানো হয়।
সংগঠনের মূখ্য সমন্বায়ক ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তারা গণপূর্ত বিভাগের অধীনে থাকা হাসপাতালের লিফট খাতের দুর্নীতি বন্ধ এবং চিকিৎসা সেবা জনবান্ধব করার আহ্বান জানান।
১০৮ বার পড়া হয়েছে