বিচারকশূন্য সাতক্ষীরার ট্রাইব্যুনাল, সাড়ে ৪ হাজার মামলার জট
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দীর্ঘ এক বছর ধরে কোনো বিচারক নেই। এর ফলে সাড়ে চার হাজারেরও বেশি মামলা ঝুলে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো বিচারপ্রার্থী। দ্রুত এই অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর আবেদন জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা।
আদালত সূত্রে জানা গেছে, সংবেদনশীল নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এই ট্রাইব্যুনালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘ এক বছর শূন্য পদ পড়ে থাকায় থমকে গেছে বিচার প্রক্রিয়া। এ অবস্থায় মামলার জট কমাতে ও দ্রুত বিচারক নিয়োগের দাবিতে গত ২৩ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিত আবেদন জানিয়েছে জেলা আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, শূন্য ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সুপারিশ ও প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে প্রতিদিন আদালতের বারান্দা থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন ভুক্তভোগী নারী ও শিশুরা। কবিতা ও মুক্ত সরকার নামের দুই বিচারপ্রার্থী জানান, বছরের পর বছর মামলা চলায় তারা চরম মানসিক ও আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। বিচারক না থাকায় তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেন।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুল আমিন জানান, এই অচলাবস্থা নিরসনে তারা জোর প্রচেষ্টা চালাচ্ছেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ জানান, মানবিক দিক বিবেচনা করে এবং বিচারপ্রার্থীদের চরম ভোগান্তি লাঘবে দ্রুত একজন দক্ষ বিচারক পদায়ন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
১২৯ বার পড়া হয়েছে