মুন্সীগঞ্জে দেশব্যাপী জাতীয় নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতার জমকালো উদ্বোধন
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে। সোমবার মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় জেলার শিক্ষা, সংস্কৃতি, পুলিশ ও প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের আদর্শ ও সৃষ্টিশীল কাজকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজনের মধ্যে রয়েছে নজরুল সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগামী ২ সেপ্টেম্বর থেকে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ প্রতিযোগিতা শুরু হবে।
১১৯ বার পড়া হয়েছে