ইয়াসমিন হত্যা দিবসে বগুড়ায় বিক্ষোভ, নারী নির্যাতন বন্ধের দাবি
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৩:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের সাতমাথায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে নারী নির্যাতন বন্ধ, বিচার নিশ্চিতকরণ এবং সম্পত্তিতে নারীর সমান অধিকারের দাবি জানানো হয়।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট দিলরুবা নূরী। এতে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট রাধা রানী বর্মন, দফতর সম্পাদক মঞ্জুয়ারা বেগম, অর্থ সম্পাদক নিয়তি সরকার নিতু এবং শাহনাজ মুন্নি।
সমাবেশে বক্তারা ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুরে ইয়াসমিনকে ধর্ষণ ও হত্যার নির্মম ঘটনার স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, তৎকালীন সময়ে গণআন্দোলনের মুখে পুলিশ সদস্যদের বিচার ও ফাঁসি কার্যকর হলেও বর্তমান সময়ে বিচারহীনতার সংস্কৃতির কারণে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, কেবল সাজা প্রদান নয়, বরং সমাজ থেকে নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি দূর করতে হবে। একই সঙ্গে সাইবার অপরাধ প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং কর্মক্ষেত্রে সমমজুরি ও সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করার জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে।
বিক্ষোভ সমাবেশ থেকে সম্প্রতি রংপুরে সংঘটিত গণপতি চক্রবর্ত্তী ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
২০৯ বার পড়া হয়েছে