বঙ্গোপসাগরে জেলের জালে বিরল 'পোয়া ভোল' মাছ, বিক্রি হলো ১১ হাজার টাকায়
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘পোয়া ভোল’ মাছ। প্রায় ৩ কেজি ওজনের বিরল এই সামুদ্রিক মাছটি আলিপুর মৎস্য বন্দরে ১১ হাজার ১২৫ টাকায় বিক্রি হয়েছে। মূলত মূল্যবান ওষুধ ও প্রসাধন তৈরিতে ব্যবহারের কারণে আন্তর্জাতিক বাজারে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ‘এমএস সিফাত’ নামক একটি ট্রলারের মাঝি শাইখুলের জালে এই অত্যন্ত মূল্যবান মাছটি ধরা পড়ে। সোমবার সকালে মাছটি আলিপুরের ঐতিহ্যবাহী মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। পরবর্তীতে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রায় দেড় লাখ টাকা মণ দরে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. রাকিবুল ইসলাম এটি কিনে নেন।
ব্যবসায়ী রাকিবুল ইসলাম জানান, সচরাচর এই ধরনের মাছ দেশের বাজারে পাওয়া যায় না। ঢাকার এক বড় ব্যবসায়ীর বিশেষ অর্ডারের ভিত্তিতে তিনি মাছটি সংগ্রহ করেছেন এবং এটি প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা হবে বলে জানা গেছে। মূলত এই মাছের পটকা বা বায়ুথলি অত্যন্ত মূল্যবান হওয়ায় বিশ্ববাজারে এর ব্যাপক কদর রয়েছে।
বিজ্ঞানীদের মতে, এই মাছটি ক্রোকার গোত্রের (Sciaenidae) অন্তর্ভুক্ত। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরের গভীর তলদেশে বিরল প্রজাতির এই মাছের উপস্থিতি সামুদ্রিক জীববৈচিত্র্যের এক ইতিবাচক দিক। এই ধরনের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১২৫ বার পড়া হয়েছে