নরসিংদীতে প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ২:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে এক কুয়েত প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসীর দাবি, পালিয়ে যাওয়ার সময় তার জমানো নগদ ১ কোটি ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন ওই নেতা। এই চাঞ্চল্যকর ঘটনায় নরসিংদী মডেল থানা ও জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী প্রবাসী লুৎফর রহমান গত রোববার নরসিংদী প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ জানান। তিনি জানান, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্য এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নয়ন মোল্লা এই ঘটনার সাথে জড়িত। নয়ন মোল্লার বিরুদ্ধে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বাংলাদেশ বার কাউন্সিলেও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
অভিযোগের বিবরণ অনুযায়ী, জমি সংক্রান্ত একটি মামলার সূত্র ধরে নয়ন মোল্লার সাথে লুৎফর রহমানের পরিচয় হয়। প্রবাসী নিজে দেশে থাকতে পারবেন না বিধায় আইনজীবীর পরামর্শে তার স্ত্রী হাফসা বেগমকে মামলার বাদী করা হয়। এই সুযোগে নয়ন মোল্লা প্রবাসীর স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং প্রবাসীর পাঠানো বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতে শুরু করেন।
গত ৩ আগস্ট হাফসা বেগম নগদ ১ কোটি ১০ লাখ টাকা এবং ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে নয়ন মোল্লার সাথে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। দেশে ফিরে নিজের স্ত্রী, সন্তান এবং আজীবনের উপার্জিত অর্থ হারিয়ে প্রবাসী লুৎফর রহমান এখন দিশেহারা। নয়ন মোল্লা এর আগেও অন্যের স্ত্রী নিয়ে পালিয়েছিলেন বলে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ রয়েছে।
এই বিষয়ে অভিযুক্ত আইনজীবী ও স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সদস্যকে বার থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৩৬ বার পড়া হয়েছে