পার্বত্য জেলা পরিষদের দুর্নীতির তদন্ত ও বিচার হবে: মীর হেলাল
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য জেলা পরিষদগুলোর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল রোববার রাঙ্গামাটিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলেও এ সময় মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
রাঙ্গামাটিতে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে তিনি পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের সমঅধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। পাহাড়ি জনগণের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করেই ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতায় শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান।
তিনি আরও উল্লেখ করেন, একটি উন্নত ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গড়ে তুলতে হলে সর্বাগ্রে দক্ষ মানবসম্পদ তৈরি করা আবশ্যক। এর আগে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সফরকালে প্রতিমন্ত্রী রাঙ্গামাটি শিশু পার্কের ওয়াচ-টাওয়ার এবং জেলা পরিষদের ই-লার্নিং সেন্টারের শুভ উদ্বোধন করেন। এছাড়া তিনি খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের মহাপুরম খালের ওপর নির্মিত সেতুর উদ্বোধন এবং নতুন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
১২৮ বার পড়া হয়েছে