রাজশাহীতে নিরাপত্তা প্রহরীকে মারধর ও প্রাণনাশের হুমকি
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক সিকিউরিটি গার্ডকে মারধরের ঘটনার মূল অভিযুক্ত আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ কমিশনারের নির্দেশে মাত্র এক ঘণ্টার অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ এলাকায় চিকিৎসা নিতে আসা রোগী ধরার দালাল চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাব্বির হোসেন লক্ষ্মীপুর মোড়ের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন। গত ১৯ আগস্ট দুপুরে দায়িত্ব পালনকালে তিনি হ্যান্ডমাইকে সেবাপ্রত্যাশীদের দালাল ও প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে সচেতনতামূলক ঘোষণা দিচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের একপর্যায়ে অভিযুক্ত আরিফ ডায়াগনস্টিক সেন্টারের ভবনের পেছন থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আসে। এরপর সেই অস্ত্র সাব্বিরের গলায় ধরে তাকে নির্মমভাবে প্রাণনাশের হুমকি দেয়। এই পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে।
ভিডিওটি দেখে ক্ষুব্ধ পুলিশ কমিশনার অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার ব্যবধানে প্রধান আসামি আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই ঘটনায় ভুক্তভোগী সাব্বির বাদী হয়ে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
আরএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে হামলার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত অন্য অপরাধীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
১০৯ বার পড়া হয়েছে