গোপালগঞ্জে জাহান হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে মাদকসেবীদের হামলায় নিহত ষাটোর্ধ্ব জাহান বেগমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার পশারগাতী ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অসহায় নারী।
পশারগাতী ইউনিয়নের বান্দিরা এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচুড়িয়া ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত জাহান বেগমের স্বজনসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন এবং খুনিদের শাস্তির দাবিতে ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর তিন মেয়ের বিয়ে দিয়ে বাড়িতে একাই থাকতেন জাহান বেগম। তাঁর একাকীত্বের সুযোগ নিয়ে এলাকার কিছু চিহ্নিত মাদকাসক্ত ব্যক্তি প্রায়ই তাঁর বাড়ির আশেপাশে মাদক সেবন করত। এতে বাধা দিলে মাদকসেবীরা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে।
এরই জের ধরে গত ১১ জুলাই রাতে মাদক কেনার টাকার জন্য সিঁধ কেটে ঘরে ঢোকে মাদকসেবীরা। তারা জাহান বেগমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর গত ১৯ আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মানববন্ধনে বক্তব্য দেওয়া বক্তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান এলাকাবাসী।
১১৯ বার পড়া হয়েছে